চব্বিশের পর নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনত-উত্তর বাংলাদেশে ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে নতুন সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন যাবত এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করতেন না। যেটাকে বলা হতো রাবারস্ট্যান্ড বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চা করার জায়গা, এখন সরকারি দল, বিরোধী দল তাদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছেন। দেশ-জাতির আগামী দিনের দিক-নির্দেশনা দিচ্ছেন, কিভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা বিস্তারিত তুলে ধরতে পারছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা সংসদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগিতায় আমরা সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছি। সেই সঙ্গে জনগণের যেন সব আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সংসদ প্রতিষ্ঠিত হয় সেইভাবে আমরা পরিচালিত করছি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি ফরিদপুর-৪ আসনের জনগণের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। তারা আমার কোনো উন্নয়ন কর্মকাণ্ড না দেখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের বিশ্বাস ও ভালোবাসা এটা আমার কাছে আমানত, আমি আমানতের খেয়ানত করতে পারব না বা করব না। আমি সংসদে গিয়ে ভাঙ্গার উন্নয়নের জন্য আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা সার্কেল এএসপি রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, শহিদুল ইসলাম মিরু মুন্সী, জাহাঙ্গীর মতুব্বার, অ্যাডভোকেট জহুরুল হক মিঠু, মোসারেফ হোসেন, আলমগীর মাতুব্বরসহ কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
