Logo
Logo
×
   

সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতারের পর এনসিপি নেতাকে বহিষ্কার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

ইয়াবাসহ গ্রেফতারের পর এনসিপি নেতাকে বহিষ্কার

শাকিল খান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২০ জুলাই) বিকালে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে শাকিল খানকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে শাকিল খানকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাকিল খান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ পিস ইয়াবা জব্দসহ শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .