Logo
Logo
×
   

সারাদেশ

নারায়ণগঞ্জে প্রাইভেটকারচালকের ঘুসিতে ইজিবাইকচালকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:০০ এএম

নারায়ণগঞ্জে প্রাইভেটকারচালকের ঘুসিতে ইজিবাইকচালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগা কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত নাদিমকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত রফিকুলের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, তিনি নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে রফিকুল সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলকে কিল-ঘুসি মারেন প্রাইভেটকারচালক নাদিম। আঘাতে রফিকুলের নাক দিয়ে রক্ত বের হয় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে রফিকুলের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিমরাইল এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, ঘটনার পর আমাদের স্ট্যান্ডের চালক নাদিমকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .