যুবলীগ নেতার ছেলে এসএসসির ফলপ্রার্থী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
যুবলীগ নেতার ছেলে এসএসসির ফলপ্রার্থী গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়ালিদ হোসেন সাব্বির নামে এসএসসির ফলপ্রার্থী এক তরুণকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
বৃহস্পতিবার বিকালে সাব্বিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে। সাব্বিরের বড়ভাই রাহাত হোসেন অন্তর নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
তবে সাব্বির রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে কখনই জড়িত ছিলেন না বলে মোবাইল ফোনে দাবি করেছেন তার বাবা ও ভাই।
আব্দুল বাতেন বলেন, তিনি এবং তার বড় ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে তারা দুইজনই দেশ ছেড়েছেন; কিন্তু ছোট ছেলে সাব্বির মায়ের সঙ্গে সোনারগাঁয়ের বাড়িতেই থাকতেন।
বাতেনের অভিযোগ, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা গত কয়েক দিন ধরেই তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় ‘মিথ্যা তথ্য দিয়ে’ তার ছোট ছেলেকে গ্রেফতার করানো হয়েছে বলেও দাবি তার। শুধু আমার ছেলেকেই না, আমার স্ত্রীকেও রাজনৈতিক মামলায় অ্যারেস্ট করানোর হুমকি দিয়েছে কতিপয় বিএনপি নেতা। তবে পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত নেতাদের নাম প্রকাশ করতে চাননি আব্দুল বাতেন। কয়েক দিন আগে এসএসসি পরীক্ষা দেওয়া সাব্বির ফলাফলের অপেক্ষায় ছিলেন বলেও জানান তিনি।
এদিকে সোনারগাঁ থানার ওসি সারোয়ার হোসেন বলছেন, সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। সাব্বিরকে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
