Logo
Logo
×
   

সারাদেশ

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি, যুবলীগ-ছাত্রলীগের ৫৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১৮ এএম

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি, যুবলীগ-ছাত্রলীগের ৫৮ জনের বিরুদ্ধে মামলা

সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ‎এ মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

‎‎মামলায় এসআই মাসুম বিল্লাহ উল্লেখ করেন, গত ২২ জুলাই সকালে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান। ‎পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তে অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং সরকারবিরোধী কর্মকা- ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

‎‎মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ সভাপতি লিটন ওরফে গুজা লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, তার ভাই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ, সুজন, মোস্তফা মিজিসহ ১৮ জন। 

এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয় মামলায়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মাসুদ মিয়া ও রাহুলকে বৃহস্পতিবার ও শুক্রবার গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .