২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ককটেল হামলা
‘১০০ জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও গুলি করা হবে’
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ককটেল হামলা
|
ফলো করুন |
|
|---|---|
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন। তাকে হুমকি দেওয়া হয়- ‘১০০ জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও গুলি করা হবে’।
রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিনের চাল ও চিনির ব্যবসা রয়েছে বলে জানা গেছে। এদিকে হামলাকারী কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। জসিম উদ্দিন বলেন, সর্বশেষ বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাকে ফোন দিয়ে অচেনা এক যুবক তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন- পোলাপাইন আছে টাকা দিতে হবে। না দিলে নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে।
জসিম উদ্দিন জানান, নাইম নামে এক বিএনপি নেতার সঙ্গে ওই যুবককে কথা বলতে বলেন তিনি।
কিন্তু চাঁদা দাবি করা যুবক বলেন, ‘কারো সঙ্গে কথা বলতে হবে না। ১০০ জন পুলিশ নিয়ে বসে থাকলে সেখানেও তোমাকে গুলি করা হবে। চাঁদা না দিলে মরতে হবে।’
এই হুমকি প্রদানের দুই দিনের মাথায় চাঁদা না পেয়ে রোববার সকাল ৮টার দিকে মুখে মাস্ক পরা ৮-১০ সশস্ত্র কিশোর ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে (মাহিন্দ্রা) এসে নামে। তখন ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকরা কাজ করছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণ শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ যুগান্তরকে জানান, বিষয়টি আমরা জেনেছি। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্ত্রাসীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে গত ১১ জুলাই দীর্ঘদিনের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেটের (ডিডিএন)’ স্বত্বাধিকারীকে ‘ডেবিড ইমন’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সন্ত্রাসীরা এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে দুই দিনের সময় বেঁধে দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, গত ১৩ জুলাই চকবাজার থানাধীন চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস রোডের ‘মরিয়ম হাইটস’ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের অফিসে ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সশস্ত্র হামলা চালায়।
