নাসিকে ফতুল্লার ৪ ইউনিয়ন যুক্ত করা নিয়ে ডিসি কার্যালয়ে বিএনপি নেতারা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
নাসিকে ফতুল্লার ৪ ইউনিয়ন যুক্ত করা নিয়ে ডিসি কার্যালয়ে বিএনপি নেতারা
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জ সদর উপজেলার (ফতুল্লা) ৪টি ইউনিয়ন অর্থাৎ ফতুল্লা, কাশিপুর, এনায়েতনগর ও কুতুবপুর ইউনিয়নের আংশিক এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সঙ্গে যুক্ত করতে পক্ষে-বিপক্ষে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার চাঁনমারী এলাকায় অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে (মাসদাইর) সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করা যাবে না।
তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, এটি আমার একার দাবি নয় এলাকাবাসীর দাবি। জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি আশা করি তিনি বিষয়টি আমলে নিবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
অপরদিকে শুনানি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সঙ্গে নিয়ে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ বলেন, আংশিক নয় পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছি। কুতুবপুর অনেক অবহেলিত- এ ইউনিয়ন সিটির সঙ্গে যুক্ত হলে অনেক উন্নয়ন হবে। আশা করি জেলা প্রশাসক আমাদের দাবি আমলে নেবেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ১০ থেকে ১২ জনের বক্তব্য শোনা হয়েছে। একই সঙ্গে লিখিত ও মৌখিকভাবে আরও কিছু মতামত পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের বক্তব্য থেকে প্রতীয়মান হয়েছে যে, তারা ফতুল্লা থানার চারটি ইউনিয়ন এবং বন্দর উপজেলার একটি ইউনিয়নসহ মোট পাঁচটি ইউনিয়নের সম্পূর্ণ এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও সরেজমিন পরিদর্শনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আইন অনুযায়ী জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করেই পরবর্তী সুপারিশ প্রণয়ন করা হবে।
গণশুনানিতে স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
