নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের অভিযোগ
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি।
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেত্রকোনা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনায় মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে হামলার প্রতিবাদে শহরের মোক্তারপাড়ায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। ভুক্তভোগী মো. সোহাগ মিয়া প্রীতম এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও নেত্রকোনা পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী। তিনি নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের নেতৃত্বে একদল ব্যক্তি প্রীতমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।
লিখিত অভিযোগে প্রীতম উল্লেখ করেন, গত শুক্রবার (২৪ জুলাই) নেত্রকোনা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকটি পরিবারের ওপর গভীর রাতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করা হয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলতে এবং তাদের আশ্বস্ত করতে তিনি গত সোমবার রাত ৯টার দিকে এনসিপির পাঁচ থেকে ছয়জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নেত্রকোনা সদর মডেল থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করেন।
অভিযোগে বলা হয়, থানা থেকে বের হয়ে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে ফেরার পথে পরিচিত এক নারী কর্মীর অনুরোধে তার বাড়িতে গেলে বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দন ও ইসলাম উদ্দিন খান চঞ্চলের নেতৃত্বে লাক মিয়া, মোবারক, রাব্বি, শিমুল, হিরা, হেনাসহ ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে প্রীতম মাথা, চোখ, ঘাড়, পিঠ ও পায়ে গুরুতর আঘাত পান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চঞ্চলের চাচাতো ভাই মো. আবদুল্লাহ আল মামুন খান (রনি) বলেন, সামাজিক মাধ্যমে বিষয়টি জেনেছি। আমার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। চন্দন ও চঞ্চল আমার চাচাতো ভাই। চঞ্চলের একমাত্র ছেলে প্রায় দেড় মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং ঘর থেকে বের হন না। তাকেও এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এনসিপি নেতার ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
