স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ হেলাল মৃধা ও রহিচ শিকদার নামে দুই যুবককে আটকের পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) গভীর রাতে ভুক্তভোগীর মা বাড়িতে না থাকার সুযোগে কয়েকজন যুবক ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্কুলছাত্রীকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে অচেতন অবস্থায় স্কুলছাত্রীকে তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে তারা শনাক্ত করেছেন এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে হেলাল মৃধা ও রহিচ শিকদার নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
