ওসির পক্ষে সড়কে বিএনপি নেতাকর্মীরা
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিব, হাজী মাসুদুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দাবি করেন, কটিয়াদী মডেল থানার ওসিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে কটিয়াদী মডেল থানায় ওসি মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর উপজেলার আলোচিত তিনটি হত্যা মামলার আসামিদের গ্রেফতার নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা মামলার প্রায় তিন মাস অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি বলে নিহতের স্বজনদের অভিযোগ।
তাদের দাবি, দৃশ্যমান অগ্রগতি না থাকায় মামলাটি পরবর্তীতে পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। লোহাজুরী ইউনিয়নের প্রবাস ফেরত শফিকুল ইসলাম হত্যা ঘটনায় মৃতের স্বজনরা ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলন করেন এবং মামলাটি পিবিআই, ডিবি অথবা সিআইডিতে হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন।
এছাড়াও লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে প্রকাশ্যে শতাধিক মানুষের সামনে আনোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পর বিনা চিকিৎসায় পাঁচ ঘণ্টা বৃষ্টির পানিতে পড়ে থেকে মৃত্যুর ঘটনায় মানববন্ধন করা হয়েছিল।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা যায়, ওসি রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করে সর্বস্তরের মানুষের প্রশংসা পেলেও হত্যাকাণ্ডের ঘটনায় সফলতা দেখাতে পারেননি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, প্রবাস ফেরত শফিকুল ইসলাম হত্যা মামলার আসামি বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি করিয়েছি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা মামলাটি পিবিআই তদন্ত করছে। আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি মহররম আলীকে ভারতের সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছি। অপর আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
