ভুট্টাখেতে জুয়া খেলার সময় পুলিশ সদস্য আটক
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভুট্টাখেতে জুয়া খেলার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকালে সদর উপজেলার বাসুদেবপুর এলাকার একটি ভুট্টাখেতে এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্য তারেক মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি থানার টহল গাড়ির চালক বলে জানা গেছে। তার সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।
স্থানীয়দের অভিযোগ, বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাখেতে পুলিশ কনস্টেবলসহ মোট ছয়জন জুয়া খেলছিলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করার চেষ্টা করলে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন যুগান্তরকে বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্তিসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
