মানিকগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার, আদালত চত্বরে উত্তেজনা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা কাজী রফিকুল ইসলাম গ্রেফতারের ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার রাতে তাকে গ্রেফতার করে ঘিওর থানা পুলিশ। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
আদালতে নেওয়ার সময় কোর্ট চত্বরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত রফিকুল ইসলামের দিকে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছোড়া ডিম পুলিশের কিছু সদস্যের গায়েও লাগে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গ্রেফতারকৃত কাজী রফিকুল ইসলাম ঘিওর থানার সিংজুরী ইউনিয়নের নকীববাড়ী গ্রামের মৃত কাজী গোলাম হোসেনের ছেলে।
এ বিষয়ে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ঘিওর থানার ওসি মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় দুইটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
