Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদপুরে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দায়িত্বে অবহেলায় সিভিল সার্জনকে বদলির নির্দেশ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

চাঁদপুরে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দায়িত্বে অবহেলায় সিভিল সার্জনকে বদলির নির্দেশ

সংগৃহীত ছবি

চাঁদপুরে ঝটিকা পরিদর্শনে এসে স্বাস্থ্যসেবার দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ অন্যরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .