সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ২ পাচারকারী
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থানে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া-৬৪ বিজিবির পালংখালী বিওপি। এ সময় পাচার কাজে জড়িত থাকায় ২ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- কাটাখালী হাতীমারা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) ও উলুবনিয়া আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)। সোমবার (১০ আগস্ট) বিকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনে পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থানে অবস্থান করে। ভোরে মিয়ানমার দিক থেকে ২ ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবির টহল দল নুর বশর ও আবুল ফয়েজকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগের মধ্যে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ৩৫ কার্টনে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেন।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
