Logo
Logo
×
   

সারাদেশ

বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই ঋতু পেল জিপিএ-৫

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই ঋতু পেল জিপিএ-৫

ঋতু খাতুন। ফাইল ছবি

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা চৌগাছার ঋতু খাতুন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। যশোর শিক্ষাবোর্ডের অধীনে চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ঋতু। 

ঋতু খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির সন্তান। জিপিএ-৫ পেয়েও পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায় অদম্য এই মেধাবী।

ঋতুর পরিবার ও স্কুল সূত্রে জানা গেছে, ঋতুরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ক্যান্সার আক্রান্ত বাবাকে বাড়িতে রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু করে ঋতু। পরীক্ষা চলাকালীন ঋতুর বাবা কবির হোসেন বেশি অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা ছিল। সেদিন ভোর রাতে ঋতুর বাবা হাসপাতালে মারা যান। লাশ বাড়িতে আনার প্রক্রিয়া শুরু হয় সকালেই।

অন্যদিকে উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরের গ্রাম হাকিমপুর থেকে চৌগাছা শহরের ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঋতুর পরীক্ষা। ঋতুকে পরিবারের পক্ষ থেকে জানতে দেওয়া হয়নি যে তার বাবা মারা গেছেন। পরে ঋতু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর লাশ নেওয়া হয় বাড়িতে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে ঋতু জানতে পারে বাবা আর বেঁচে নেই। শেষবারের মতো বাবাকে বিদায় দিয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে বসতে হয় তার। বাবা হারানোর শোক নিয়েই পরবর্তী পরীক্ষাগুলো শেষ করেন ঋতু। আজ (১০ আগস্ট) ফল প্রকাশের পর দেখা যায় ঋতু জিপিএ-৫ পেয়েছেন।

রেজাল্টের প্রতিক্রিয়ায় ঋতু জানান, বাবা বেঁচে থাকলে রেজাল্ট দেখে খুবই খুশি হতেন। সবার কাছে বাবার জন্য দোয়া প্রার্থনার পাশাপাশি বাবার অবর্তমানে নিজের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কার কথাও জানায় সে। 

স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক শাহানা খাতুন জানান, ঋতু খুবই মেধাবী। ঋতু ভালো করবে, এটা শিক্ষকরা প্রত্যাশা করতেন। অসুস্থ বাবা ও পরিবারের দারিদ্রতা ঋতুর ফলাফলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্কুলের শিক্ষকদের প্রত্যাশা ঋতু ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে। 

সমাজের বিত্তবানদের ঋতুর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারলে ঋতুর উচ্চশিক্ষা সহজ হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, এটি খুবই খুশির সংবাদ। উপজেলা প্রশাসন এই অদম্য মেধাবীর পাশে থাকবে। ঋতুর উচ্চশিক্ষার বিষয়ে সর্বোচ্চ সহায়তা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .