বর্ষার বিদায় বেলায় কুয়াশার চাদরে ঢাকা ভোরের ঠাকুরগাঁও
এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
বর্ষার বিদায় বেলায় কুয়াশার চাদরে ঢাকা ভোরের ঠাকুরগাঁও
|
ফলো করুন |
|
|---|---|
আকাশে মেঘ-রোদ্দুরের খেলা আর নদীর চরে ধবধবে কাশফুলের সারি জানান দিচ্ছে- বর্ষা শেষের দিকে। দরজায় কড়া নাড়ছে রূপসী শরৎ। দীঘি আর জলাশয়ের পানা ছেঁকে শিশিরবিন্দু ঝরার সময় এলো বলে!
প্রকৃতিপ্রেমীদের মনমাতানো এই ঋতুবদলের মাঝেই এবার যেন কিছুটা অসময়েই হাজির হিমালয়ের হিমেল বাতাসের আমেজ। বর্ষার শেষলগ্নে এক অন্য রূপ নিয়ে ধরা দিল উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও।
মঙ্গলবার সকাল হতেই এক অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থাকলেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। ভোর থেকে শ্রাবণের শেষপ্রান্তে বেলা ১১টা পর্যন্ত চারিদিক মুড়ে ছিল ঘন সাদা কুয়াশার চাদরে। বর্ষার শেষপ্রান্তে দাঁড়িয়ে এমন কুয়াশার দাপট সচরাচর দেখা যায় না।
দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের আলো ফুটলেও দূর-দূরান্তের পথঘাট প্রায় অস্পষ্ট হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমীদের কাছে এ এক স্বর্গীয় দৃশ্য হলেও সাধারণ মানুষের চোখেমুখে বিস্ময়— বর্ষার পাট চুকতে না চুকতেই তবে কি দুয়ারে কড়া নাড়ছে শীত?
ভৌগোলিক অবস্থানের কারণে হিমালয়ের খুব কাছে হওয়ায় ঠাকুরগাঁওয়ে শীতের আগমন ঘটে প্রতিবারই একটু জলদি। তবে ভরা শ্রাবণের বেলা ১১টা পর্যন্ত এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিছুটা অপ্রত্যাশিতই বটে! নদীর তীরে দোলা লাগা ধবধবে কাশবন আর জলাধারের জলে কুয়াশার ছায়া মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে উত্তর জনপদের এই জেলায়।
প্রকৃতির এই রূপ বদল স্পষ্ট জানান দিচ্ছে, হেমন্ত পেরিয়ে উত্তুরে হাওয়ার দিন আর খুব বেশি দূরে নয়। বর্ষার বিদায়লগ্নেই ঠাকুরগাঁওয়ে বাজতে শুরু করেছে আগাম শীতের আগমনী সুর।
