ড. খন্দকার মারুফ
তারেক রহমানের উন্নয়নের একটি মাইলফলক ‘দাউদকান্দি নৌবন্দর’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করছে। ‘দাউদকান্দি নৌবন্দর’ স্থাপন হবে- বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। স্বনির্ভর,সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১১ আগস্ট) দাউদকান্দিতে নৌবন্দর নির্মাণ করার চুড়ান্ত প্রস্তুতির জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমন উপলক্ষ্যে সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশে এসব কথা বলেন।
দাউদকান্দিতে বিআইডব্লিউটিএ’র উচ্চ পর্যায়ের টিমকে অভিনন্দন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দল দাউদকান্দির গোমতী নদীর তীরবর্তী এলাকায় আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দল নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নৌবন্দর স্থাপনের সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন।
বিএনপি নেতা ড. খন্দকার মারুফ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্যেই তিনি অবিরাম কাজ করছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে- বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৬ মাসে দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনিই পারবেন একটি সুখী সমৃদ্ধ, নিরাপদ উন্নত দেশ গড়ে তুলতে।
বিএনপি নেতা খন্দকার মারুফ সৎ ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে তৃণমূলে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত।
নৌবন্দরের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আবদুস সালাম, মেঘনা ঘাট নৌবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার,কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী প্রমুখ।
