আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ায় ওসিকে প্রত্যাহারের আদেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম
ফয়জুল আজীম নোমান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে অনুলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন।
ফেনী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান রোববার (৯ আগস্ট) এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত আবেদন করা হলেও মামলা রেকর্ড করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি আদালতে মামলা করলে আদালত সেটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।
অভিযোগ, আদালতের ওই নির্দেশের পরও মামলাটি রেকর্ড করেননি দাগনভূঞা থানার ওসি। এ অবস্থায় ভুক্তভোগী মারজাহান ফের ৯ আগস্ট আদালতে আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত ওসিকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করতে ফেনীর পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, ওসি তার কর্মকাণ্ডের কারণে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামছুদ্দীন বলেন, এই আদেশের পত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আদালতের এ ধরনের কোনো আদেশ তিনি এখনো পাননি।
