Logo
Logo
×
   

সারাদেশ

ফ্যামিলি কার্ড শুমারি ইস্যু

‘ক্ষমা করিস বোন’ লিখে বিএনপি ছাড়ার ঘোষণা নেতার

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

‘ক্ষমা করিস বোন’ লিখে বিএনপি ছাড়ার ঘোষণা নেতার

ময়মনসিংহের গৌরীপুরে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে বাড়ছে ক্ষোভ। ‘ক্ষমা করিস বোন’ লিখে নিজের গায়ে থুতু নিক্ষেপ করে ঘৃণা প্রকাশের মধ্যদিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দিলেন বুরহান মন্ডল নামের এক নেতা। 

এদিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। অচিন্তপুর ইউনিয়নে সুপারভাইজার পদে আবেদনকারী নুর মোহাম্মদ পাশ করেছেন ‘তথ্য সংগ্রহকারী’ পদে।

তিনি যুগান্তরকে বলেন, আমি সুপারভাইজার পদে আবেদন করেছি। লিখিত পরীক্ষাও ওই পদেই দিয়েছি; কিন্তু ফলাফলের তালিকায় নাম আসে ‘তথ্য সংগ্রহকারী’ হিসেবে। পরবর্তীতে সুপারভাইজার পদে মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েই এ পদে নিয়োগ পেয়েছি। 

এ প্রসঙ্গে নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব বলেন, তথ্য সংগ্রহকারী পদে নুর মোহাম্মদের নাম আসাটা ফলাফল সিটে ভুল হয়েছিল। তা পরবর্তীতে সংশোধন করা হয়েছে।

এদিকে গত ৯ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বিএনপির নেতা বুরহান মন্ডল তার ফেসবুকে নিজের বোনের অনুরোধ রক্ষা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘ক্ষমা করিস বোন, আজ নিজের গায়ে থুতু নিক্ষেপ করতে মন চাচ্ছে। বোকাইনগরের ৬নং ওয়ার্ডের ২০২৪ নির্বাচনে নৌকার এজেন্ট ফ্যামেলি শুমারির দায়িত্ব পেয়েছে।’

সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দলের বঞ্চিত-লাঞ্ছিত নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ওই মন্তব্যে।

তিনি লেখেন, তার ছোট বোন ফ্যামিলি শুমারিতে তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিল। বোনটা বলেছিল- সারাজীবন তো রাজনীতি করলা, এবার একটা সুপারিশ করো। ওর অনুরোধে সুপারিশও করেছিলাম। ওর কাগজপত্রও দিলাম, আমি এক হতভাগা ভাই- ওই সুপারিশ কর্ণপাত করে নাই।

তিনি আরও লিখেন, ‘দুর্দিনে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে এনেছেন। অথচ যাদের বিরুদ্ধে এত বছর আন্দোলন করেছি তারাই দলে প্রভাব বিস্তার করছে, এ দুঃখ কই রাখি! তাই আজ নিজের গায়ে থুতু নিক্ষেপ করতে মন চাচ্ছে।’

তার পরদিন ১০ আগস্ট রাত ১১টা ৪১ মিনিটে আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘আজ থেকে আমি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তি।’ তিনি আরও বলেন, গতকালের পোস্টে যারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি উনার দুর্দিনের একনিষ্ঠ কর্মী, রাজপথে ছিলাম। 

পরদিন ১১ আগস্ট বেলা ১১টা ১৮ মিনিটে আরও একটি পোস্ট করেন বুরহান মন্ডল। সেখানে তিনি লিখেন, ‘বন্ধুরা আসসালামু আলাইকুম... আমি একটা দলকে ভালোবাসতে গিয়ে আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি. এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত হেফাজত, তরিকত, নেজামে ইসলাম. জাসদ, বাসদ, এমনকি খাইরুল দেওয়ানের জনকল্যাণ পার্টিসহ যত দল আছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা- আমি রাজপথে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাদের বিরোধিতা করতে গিয়ে আপনাদের মনে কষ্ট দিয়েছি। বিভিন্ন পোস্ট এবং মন্তব্য করেছি, যা মোটেই কাম্য নয়। আপনারা যারা আমার এসব আচরণে কষ্ট পেয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অতীত তো আর কাট করে ফেলে দেওয়া যায় না, পারলে কাট করতাম।’

তিনি আরও লিখেন, ‘আপনারা হয়তোবা জানেন আমি গতকাল রাতে ঘোষণা দিয়েছি আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি অর্থাৎ আমি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে ঘোষণা করেছি। কারণ আমি যে দলটা করতাম এই দলে এখন ওলি-আউলিয়ার বিচরণ বেশি; আমার মতো খারাপ মানুষ এখানে টিকে থাকা কঠিন। যাই হোক, আজ থেকে আপনারা আমাকে কোনো দলীয় লোক হিসেবে মূল্যায়ন করবেন না। আমি সর্বদলীয় মানুষের ভালোবাসা কামনা করি। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সবার সঙ্গে মিলেমিশে চলতে পারি। বিঃদ্রঃ আমার কারো পা চাটার অভ্যাস নেই... সাদাকে সাদা আর কালোকে কালো বলে আসছি সব সময়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .