চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার বিদেশি সিগারেট ও ফোন উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার বিদেশি সিগারেট ও ফোন উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ৫১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ। সোমবার সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট রয়েছে। উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
বিমানবন্দরে গণসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার তৎপরতায় বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
