Logo
Logo
×
   

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ছবি: যুগান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসের যাত্রীরা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। 

এদিকে মহাসড়কের এই দীর্ঘ যানজটে উলটোপথে যানবাহন চলাচলের কারণে বেশ কিছু জায়গায় উভয়মুখী লেনেই যানজট ছড়িয়ে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের ওই অংশে এসে যানবাহন থমকে যাচ্ছে। ওই এলাকায় আধা কিলোমিটার সড়কে ছোট বড় বেশ কিছু গর্ত রয়েছে। সড়ক বিভাগ থেকে ওই অংশে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী কোনো সংস্কার করা হয়নি। যার ফলে আমতলী এলাকার মহাসড়কের উভয় অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন বাসের চালক শামিম আহমেদ বলেন, চান্দিনা থেকে আমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন বাসের যাত্রী ইকবাল হোসেন বলেন, চান্দিনা স্টেশনের পর থেকেই যানজটে পড়েছি। আমতলী এলাকা পাড়ি দিতে বাসে বসে সাড়ে তিন ঘণ্টা সময় অতিবাহিত করেছি। আমতলী এলাকাটা আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন,  আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই অংশে ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ মহাসড়কের কাজ করছে। 

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনে সংস্কার কাজ শুরু করা হচ্ছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .