মানিকগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে পাইলটিং কার্যক্রম শুরু
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এতদিন দলিল নিবন্ধনের পর রাজস্বের টাকা জমা হতো ব্যাংকের পে-অর্ডারে। এরপর সেই টাকা সরকারি কোষাগারে পৌঁছতে কেটে যেত দিনের পর দিন। এবার সেই দীর্ঘসূত্রতার অবসান ঘটল। মঙ্গলবার থেকে এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও করাদি সরাসরি রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় এ নতুন অধ্যায়ের পাইলটিং শুরু হলো মানিকগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে।
এর আগে গত ৪ আগস্ট দৈনিক যুগান্তরে “দলিল নিবন্ধন ফি যাবে সরকারি কোষাগারে সাবরেজিস্ট্রি অফিসে চালু হচ্ছে এ-চালান সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় নতুন অধ্যায়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের ইতিহাসে হয়ে থাকল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ-চালানের মাধ্যমে রাজস্ব জমার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নিবন্ধন অধিদপ্তরের আইজিআর শামীমা আফরোজ। অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর অতিদ্রুত সারা দেশে একযোগে এ-চালান সিস্টেমের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও করাদি জমা নেওয়া হবে। এর মাধ্যমে ভূমি নিবন্ধন খাতে দীর্ঘদিনের ম্যানুয়াল রাজস্ব জমা ব্যবস্থাপনা পেরিয়ে ডিজিটাল ও রিয়েল টাইম রাজস্ব ব্যবস্থাপনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে আইজিআর শামীমা আফরোজ বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজ একটি নতুন দিগন্তের সূচনা হলো। ভূমি নিবন্ধন ফি ও অন্যান্য করাদি এ-চালানের মাধ্যমে রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমার শুভ সূচনা হলো নিবন্ধন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সদর সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে। ফলে ভূমি নিবন্ধনের বিশাল অংকের রাজস্ব এখন থেকে আর সরকারি কোষাগারের বাইরে থাকবে না। নাগরিকরা দ্রুত ও সহজে ভূমি নিবন্ধন করতে পারবেন।
সংশ্লিষ্ট সুত্রমতে, এতদিন ভূমি নিবন্ধন ফি ও করাদি সোনালী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে জমা দেওয়া হতো। এতে রাজস্বের অর্থ ব্যাংকে পড়ে থাকত এবং সরকারি কোষাগারে জমা হতে সময় লাগত। নতুন পদ্ধতিতে সেই অর্থ এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগরে জমা হবে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়ার পাশাপাশি অর্থ জমার প্রক্রিয়াও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে অর্থ বিভাগের BACS ও iBAS++ Scheme-এর এ-চালান সংশ্লিষ্ট সদস্যরা সরাসরি উপস্থিত ছিলেন। এ-চালান টিমের সিনিয়র ফাংশনাল পরামর্শক একেএম মুখলেছুর রহমান সূচনা বক্তব্যে এ-চালান সিস্টেমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
iBAS++-এর PEC মোহাম্মদ আনিসুজ্জামান সরকারি রাজস্ব অন-ডেটে কোষাগারে জমার একক প্লাটফর্ম হিসেবে এ-চালানের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। ভূমি নিবন্ধন অধিদপ্তর এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ভূমি নিবন্ধন অটোমেশনের একধাপ অগ্রগতি হিসেবে মানিকগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিস কালের সাক্ষী হয়ে থাকবে।
জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের ভূমি নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে এআইজিআর (অর্থ) মহসীন আলম, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুনিরুল হাসান এবং সহকারী প্রকল্প পরিচালক মো. জুবায়ের হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন সম্পন্ন করার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান, এ-চালান সিস্টেমের সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সিস্টেমের আন্তঃসংযোগ সম্পন্ন হলে নিবন্ধন ফি জমার প্রক্রিয়া আরও সহজ, নির্ভুল ও সাবলীল হবে। এতে নাগরিকদের হয়রানি কমার পাশাপাশি সরকারি রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সোনালী ও রূপালী ব্যাংকের ইউজারদের উপস্থিতিতে দুটি দলিলের নিবন্ধন ফি এ-চালানের মাধ্যমে জমা দিয়ে রাজস্ব আদায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।
