Logo
Logo
×
   

সারাদেশ

কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র নিয়ে মহড়ায় মামলা

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র নিয়ে মহড়ায় মামলা

ঈশ্বরদী শহরে সোমবার (১৭ আগস্ট) বিকালে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি করেছেন ভুক্তভোগী ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী। তিনি মেহেদী হাসানকে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের (হত্যার) হুমকি দেওয়া এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ মামলা করেছেন বলে উল্লেখ করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন বাপ্পীকে। বাপ্পীর পক্ষ থেকেও তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বাপ্পী তার নিজ বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় জড়িয়ে নিজের লাইসেন্স করা শটগান হাতে নিয়ে ঈশ্বরদী শহরের প্রধান সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে প্রকাশ্যে মহড়া দেন। একপর্যায়ে তিনি ঈশ্বরদী থানা ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।

অন্যদিকে বাপ্পীর দাবি স্থানীয় কিছু সন্ত্রাসী তাকে বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। তাই তিনি হুমকিদাতাদের 'ওপেন চ্যালেঞ্জ' জানাতে এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করতেই এ কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিলেন।

বাপ্পীর সমর্থকরা বলছেন- বাপ্পী সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তার ভূমিকা স্পষ্ট। এ কারণে ওরা ক্ষিপ্ত হয়ে বাপ্পীকে হুমকি দেয়। অস্ত্র হাতে মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো ঈশ্বরদী শহরে তীব্র আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিএনপির অপর পক্ষ (জাকারিয়া পিন্টুর সমর্থক) এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাতে থানা ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও বাপ্পীর শাস্তি দাবি করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাকে গ্রেফতার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত জোবায়ের হোসেন বাপ্পীকে থানা হেফাজতে নেওয়া হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানিয়েছেন, আইন ভঙ্গ করে জনসমক্ষে অস্ত্র প্রদর্শন ও ভীতি সৃষ্টির অপরাধে বাপ্পীর লাইসেন্স করা অস্ত্রটি জব্দ করা হয়েছে। অস্ত্রের এমন অপব্যবহার ও প্রদর্শনের কারণে বাপ্পীর অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে, অস্ত্রের অপব্যবহার করলে সেই অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .