আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের মাদারগঞ্জে আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলার ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্বের একটি বিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পাটখেত থেকে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করে আদালত।
