Logo
Logo
×
   

সারাদেশ

চাকরির কথা বলে ডেকে নিয়ে হত্যা, ২৮ দিন পর লাশ মিলল টঙ্গীর ড্রেনে

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

চাকরির কথা বলে ডেকে নিয়ে হত্যা, ২৮ দিন পর লাশ মিলল টঙ্গীর ড্রেনে

নিহত আকাশ সরদার: ফাইল ছবি

ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ আকাশ সরদার (২১) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ ২৮ দিন পর গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিঠু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে।

নিহত আকাশ সরদার ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। সে গত ২৭ জুলাই বাড়ি থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকায় গিয়ে নিখোঁজ হয়।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে আকাশের স্ত্রীর মোবাইলে সুমন নামে একজন ফোন করে টাকা চাইলে আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে মাজহারুল ইসলাম মিঠু, অপু মিয়া ও সুমন মিয়াকে আসামি এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়- আকাশ সরদার ও মাজহারুল ইসলাম মিঠু প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে কম্বোডিয়া যান। তিন মাস আগে দুজনেই কম্বোডিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকেই আকাশ বেকার ছিলেন। গত ২৭ জুলাই তাকে চাকরি দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেকে নেন মাজহারুল। সেখান থেকে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্যমতে, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে আকাশকে আটকে রাখার বিষয়টি জানান সুমন নামে এক ব্যক্তি। এরপর থেকেই আকাশের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে উপপরিদর্শক মো. হাসানকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে র্যাব-১- উত্তরার একটি দল রোববার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মিঠুর তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ সোমবার সকালে ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশ সরদারের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, লাশটি উদ্ধারের পর গাজীপুর মেডিকেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম