Logo
Logo
×
   

সারাদেশ

‘কুইক রেন্টালের নামে লুটপাট করে গেছে আ.লীগ, এজন্য গ্যাস-বিদ্যুৎ সমস্যা’

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

‘কুইক রেন্টালের নামে লুটপাট করে গেছে আ.লীগ, এজন্য গ্যাস-বিদ্যুৎ সমস্যা’

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন- এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে গেছে। এজন্য দেশের মানুষকে গ্যাস ও  বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। 

শুক্রবার বাদ জুমা নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু এসব কথা বলেন।

উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে হুইপ দুলুর বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

হুইপ দুলু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে সমস্ত টাকা-পয়সা শেখ হাসিনাসহ তার দোসররা সমস্ত ব্যাংক খালি করে দেশ থেকে পালিয়ে চলে গেছে। এ কারণেই এত সমস্যা দেখা দিয়েছে। তবে খুশির খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে; এসব সমস্যা বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না।

দুলু বলেন, দেশের মানুষকে সাময়িকভাবে খুশি করতে শেখ হাসিনা ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে কুইক রেন্টাল বিদ্যুৎ সরববরাহ করে সাময়িকভাবে খুশি করে দেশের বিদ্যুৎ খাতকে ভারতের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা ও তার স্বজনদের রাষ্ট্রের টাকা লুটপাটের ব্যবস্থা করে দিয়েছেন। 

তিনি বলেন, বিদ্যুৎ গ্যাস নিয়ে দেশের মানুষের মধ্যে একটা সাময়িক অশান্তি সৃষ্টি হয়েছে। কৃষি মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে সার নিয়ে কোনো সংকট নেই। ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা দেশে একটা সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়। ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে তাই দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার,  বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম