Logo
Logo
×
   

সারাদেশ

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ বস্তিবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বস্তিবাসীরা এ কর্মসূচি পালন করেন। সকালে হাজী মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়।

প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা মেনে নেওয়া যায় না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

পরে প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, হাজীর মাজার বস্তির মাদকের চিহ্নিত আস্তানা ছাড়া কোনো বস্তিঘর উচ্ছেদ করা হবে না। বিভিন্ন দাবি নিয়ে বস্তিবাসী মহাসড়কে অবস্থান নিয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাজউক ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে হাজী মাজার বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম