যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর
গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি স্থগিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি করার ঘটনায় ওই কমিটি এবং অনুমোদনকারী ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করেছে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি সাংগঠনিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় ওই কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে রামগোপালপুর ইউনিয়ন কমিটির কার্যক্রমেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল এই নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মো. জিএম সরকার জুয়েলকে সভাপতি ও মো. বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়।
বিষয়টি নজরে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ দেওয়া হয়েছে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জিএম সরকার জুয়েলকে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ১ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার বিষয়টি জানানো হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক-১ উমর ফারুক স্বাধীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল রানার সিদ্ধান্ত অনুমোদনক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ নিয়ে দৈনিক যুগান্তরের অনলাইনে বৃহস্পতিবার ‘গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ সংবাদের পরেই ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। ৩নং ওয়ার্ড কমিটি স্থগিত ও রামগোপালপুর ইউনিয়ন কমিটির কার্যক্রমেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
৩নং ওয়ার্ড কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিম মিয়া, সহ-সভাপতি জুলহাস মিয়া, মো. মাসুদ মিয়া, মো. রিয়াদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, সারোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া, দপ্তর সম্পাদক রতন মিয়া, সদস্য ইব্রাহিম মিয়া।
