Logo
Logo
×
   

সারাদেশ

সেই বিএনপি নেতা পেলেন নতুন পাকা ঘর

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

সেই বিএনপি নেতা পেলেন নতুন পাকা ঘর

নতুন পাকা ঘর পেলেন প্রবীণ বিএনপি নেতা মমিন উল্লাহর জীবন। ছবি: যুগান্তর

দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর বদলে গেল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রবীণ বিএনপি নেতা মমিন উল্লাহর জীবন। টানা ২০ বছর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা এই ত্যাগী রাজনীতিক দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পলিথিনের ঘরে মানবেতর দিন কাটাচ্ছিলেন।

এ নিয়ে গত ১০ জুলাই মমিন উল্লাহর মানবেতর জীবনযাপনের বিষয়টি তুলে ধরে যুগান্তর অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি নজরে আসার পর লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে অবশেষে তিনি পেলেন একটি পাকা ঘর।

জানা গেছে, আপন ভাইয়ের সঙ্গে জমিজমাসংক্রান্ত ২২টি মামলার খরচ জোগাতে গিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েন মমিন উল্লাহ। পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় পা হারানো ও পরপর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। মাথা গোঁজার একমাত্র ভাঙা ঘরে বৃষ্টিতে থাকা অসম্ভব হয়ে পড়লে তিনি প্রতিবেশীর আশ্রয়ে দিন কাটাচ্ছিলেন।

যুগান্তরে তার কষ্টের কথা প্রকাশিত হলে হুইপ আশরাফ উদ্দিন নিজান দ্রুত একটি নতুন ঘর নির্মাণের দায়িত্ব দেন রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জুয়েলকে। নির্মাণকাজ শেষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে প্রবীণ নেতা মমিন উল্লাহর হাতে নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়। 

চাবি হস্তান্তর অনুষ্ঠানে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

নতুন ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত প্রবীণ নেতা মমিন উল্লাহ ও তার পরিবার যুগান্তর এবং হুইপ আশরাফ উদ্দিন নিজানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম