Logo
Logo
×
   

সারাদেশ

গোপনে দ্বিতীয় বিয়ে, সিলেটে লন্ডনি বধূর কারাদণ্ড

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

গোপনে দ্বিতীয় বিয়ে, সিলেটে লন্ডনি বধূর কারাদণ্ড

আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ে করার আলোচিত মামলায় শারমিন সুরভী মৌসুমী নামে এক প্রবাসীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শারমিন সুরভী মৌসুমী জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানেই বসবাস করেন।

মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল জানান, পূর্বের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে জাকের আহমেদ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন সুরভী মৌসুমী।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি জানতে পেরে জাকের আহমেদ আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন এবং পুলিশি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলার বিচার চলাকালে বাদী ও সাক্ষীগণের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে আদালতে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৭ ধারায় (প্রতারণা) অপরাধ প্রমাণিত হওয়ায় এই সাজা প্রদান করা হয়। বিয়ের আয়োজন ও সহায়তার সঙ্গে যুক্ত পরিবারের অন্য সদস্যদের মামলায় আসামি করা হলেও রায়ে তাদের বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত এসেছে বলে আইনজীবী জানান।

প্রবাসী পরিচয়ে বিয়ের নামে এ ধরনের প্রতারণা প্রতিরোধে এই রায়টি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংক্ষুব্ধ পক্ষ ও আইন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম