Logo
Logo
×
   

সারাদেশ

চিকিৎসকদের উপস্থিতি নিয়ে অভিযোগ: ওসমানীতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

চিকিৎসকদের উপস্থিতি নিয়ে অভিযোগ: ওসমানীতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

শুক্রবার একদিনের সরকারি সফরে সিলেটে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দেরিতে আগমন ও নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করার প্রতিবেদন যুগান্তরে প্রকাশের একদিন পরই তিনি ওসমানীতে যাচ্ছেন। মন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও সরেজমিনে পরিদর্শন করবেন বলে জাানা গেছে।

সম্প্রতি ওসমানী হাসপাতালের পরিচালক বায়োমেট্রিক হাজিরার তথ্য বিশ্লেষণ করে দেখেন যে, বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক সকাল ৯টার পর কর্মস্থলে আসেন। আবার নির্ধারিত সময়ের আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ ও অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছেন। এই ব্যাপক অব্যবস্থার প্রেক্ষাপটে পরিচালক সব চিকিৎসককে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিতের কড়া নোটিশ জারি করেন এবং ব্যত্যয় ঘটলে সরকারি চাকরি বিধি অনুযায়ী আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন। চিকিৎসকদের কর্মঘণ্টা লঙ্ঘনের এই তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সফরসূচিতে জানানো হয়েছে, শুক্রবার সকালে বিমানযোগে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। এরপর সার্কিট হাউজে স্বল্প বিরতি শেষে সকাল ৯টা ৩০ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগ, চিকিৎসা সেবা কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি পরিদর্শন শেষে বেলা ১১টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন।

স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচক ও অনিয়ম সরেজমিনে ঘুরে দেখে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে বিকেলে বিমানযোগে পুনরায় ঢাকায় ফিরবেন স্বাস্থ্যমন্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম