নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, আহত মা-ভাই
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রী ও অপর ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা। তার দুই ছেলে ও দুই মেয়ে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) তার বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে অন্ধকার ঘরে গিয়ে আব্দুল বাছেদ মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা।
তবে পরিবারের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় প্রথমে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। এতে তারা আহত হন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার লাশ উদ্ধার করে।
নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার জানডারে মাইরা ফেলছে, এত ভালো মানুষটা। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই।
শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ছেলের হাতে বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পাঁচ মাস আগে তিনি জামিনে বের হয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল চৌধুরীকে গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
