Logo
Logo
×
   

সারাদেশ

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি মিলন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি মিলন

কালীগঞ্জে গাছের চারা বিতরণ করছেন গাজীপুর-৫ আসনের এমপি একেএম ফজলুল হক মিলন: ছবি যুগান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এমপি।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ও  পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত সভায় দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন এমপি বলেন, বৃক্ষ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, আমাদের সবাইকে গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশের জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে। এতে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবী ও সাধারণ মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের পাশাপাশি প্রত্যেকটি নাগরিকের। তাই প্রতিটি নাগরিককেই পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, জলাশয় রক্ষা এবং মাছের প্রজননের পরিবেশ নিশ্চিত করা হলে দেশের মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

ফজলুল হক মিলন বলেন, শুধু গাছ লাগালেই হবে না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আমরা চাই আমাদের এলাকার প্রতিটি জলাশয় মাছের প্রজনন ও উৎপাদনের উপযোগী হোক এবং প্রতিটি অনাবাদি ও খালি জায়গায় গাছ লাগানো হোক। 

তিনি বিএনপি নেতাকর্মীদের বলেন, পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না। ন্যায্যতার ভিত্তিতে সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ-শ্যামল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে ও জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু, বিএনপি নেতা ইমাম উদ্দিন মাস্টার, ফজলুর রহমান আকন্দ, শাহ আলম প্রধান, বদরুল আমিন খান, আব্দুল লতিফ খান, মোজাম্মেল মাস্টার, মিলন মাস্টার, সোহেল গাজী, ইয়াসিন মোল্লা, মাওলানা হাফিজুল্লাহ, দেলোয়ার হোসেন, বিল্লাল হোসেন, সাখাওয়াত হোসেন, ফারুক খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাকিব আহাম্মেদ প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি সবার মাঝে গাছের চারা বিতরণ করেন এবং পার্শ্ববর্তী স্থানে গাছের চারা রোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম