ফতুল্লায় ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার, ওয়াকিটকি জব্দ
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
ফতুল্লায় ৩ প্রতারক গ্রেফতার: ছবি যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জে কখনো ডিজিএফআইয়ের সদস্য আবার কখনো গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। জেলা পুলিশ ও থানা পুলিশের কাছে এমন প্রতারণার অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই। চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার ভুইঘর এলাকা থেকে এমনই একটি ভুয়া ডিজিএফআই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে অভিযানকালে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড়ের বিসমিল্লাহ টাওয়ারের ৭ম তলার সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে বলে খবর পায় ফতুল্লা থানা পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।
আটক করার পর জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ পরিচয়পত্র দেখতে চায়। এ সময় তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আব্দুস সালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
