পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে প্রতারণা, রাজশাহীতে যুবক গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকা থেকে শরিফুলকে গ্রেফতার করা হয়।
অভিযোগ মতে, শরিফুল সম্প্রতি ভুয়া সিম কার্ড দিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবিরের নাম, পদবি ও ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে একটি ভুয়া আইডি খোলে। এই আইডি ব্যবহার করে সে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোনে ও যোগাযোগমাধ্যমে মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করত।
এছাড়াও শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা চালিয়ে আসছে। ইতোপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরূপ প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েছে।
র্যাবের অভিযানে তার ভাড়া বাসা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
