Logo
Logo
×
   

সারাদেশ

উত্তরায় হোটেলে চীনা নাগরিকের রহস্যজনক মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

উত্তরায় হোটেলে চীনা নাগরিকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম– লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার সকাল ৯টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের দুই নাম্বার সড়কের ১৯ নং প্লটের বেঙ্গল হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও হোটেল স্টাফদের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে এমন কোন অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত বর্ডারদের মদ সরবরাহ করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই (GUO PENGFEI), গাও ঝেনলিয়াং (GAO ZHENLIANG) ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী হোটেলটি জোরপূর্বক দখল করে ভাড়া দিচ্ছেন বলে অভিযোগ।

যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার হোসেনের সঙ্গে মালিকানা নিয়ে বিরোধের সূত্রে আদালতের আদেশে 'হুদাবাশি' নামক একটি প্রতিষ্ঠান হোটেলটির রিসিভার নিয়োজিত হলেও পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম