Logo
Logo
×
   

সারাদেশ

তৃতীয় লিঙ্গের মৌসুমীর রক্তাক্ত লাশ উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

তৃতীয় লিঙ্গের মৌসুমীর রক্তাক্ত লাশ উদ্ধার

নিহত তৃতীয় লিঙ্গের মৌসুমী। ফাইল ছবি

চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের একাংশের গুরুমা মৌসুমী হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের হয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মৌসুমী তৃতীয় লিঙ্গের একাংশের নেতৃত্ব দিতেন। তিনি শুক্রবার দিনগত রাত ২টার দিকে আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান।  আজ (শনিবার) বেলা ১১টার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরের ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

পরে খুলশী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখে রক্ত ও হাতে কালো দাগও দেখা গেছে। এছাড়া গলায় কোনো বস্তু পেঁচিয়ে ধরার মতো দাগ দেখা গেছে। তার জিহ্বা বের হয়ে ছিল বলে একাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তি জানিয়েছে। 

তৃতীয় লিঙ্গের সদস্য পাখি যুগান্তরকে বলেন, আমাদের গুরুমা শুক্রবার রাত ২টা পর্যন্ত সুস্থ ছিলেন। সুস্থ অবস্থায় তিনি ঘুমাতে গিয়েছেন। সকাল ১০টার দিকে ঘরে ঢুকে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জিহ্বা বের হয়ে ছিল। 

তিনি দাবি করেন—এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

খুলশী থানার ওসি আবদুর রহিম যুগান্তরকে বলেন, মৌসুমী নামে এক হিজড়ার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম