সিলেটে আট মাসে মাদকের ৩৪৯ মামলা, গ্রেফতার ৪০৪
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট মহানগরীতে মাদকের বিস্তৃতি রোধে পরিচালিত ধারাবাহিক অভিযানে গত আট মাসে ৩৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় এজাহারনামীয় ৪৪০ আসামির মধ্যে ৪০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
একই সময়ে মহানগরীর ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম এ তথ্য জানান।
এসএমপির তথ্যানুযায়ী, আট মাসের বিশেষ অভিযানে ৩১ হাজার ১৮০ পিস ইয়াবা, ১৪০ কেজি ১৪৬ গ্রাম গাঁজা, সাতটি জীবন্ত গাঁজার গাছ, ৬৪১ লিটার চোলাই মদ, ১ হাজার ২৪৩ বোতল ও ৫ দশমিক ২৫ লিটার বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল, ৪ লিটার ও ৭৫ বোতল দেশি মদ এবং ৭ বোতল কোডিন ফসফেট উদ্ধার করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সিলেট মহানগরীকে মাদকমুক্ত করতে পুলিশের ছয়টি থানায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকের বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ অপরাধ নির্মূলে পুলিশের চিরুনি অভিযান ও কঠোর আইনি তৎপরতা অব্যাহত থাকবে।
