সিলেটে ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ৩
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট রেলস্টেশনসংলগ্ন বাস টার্মিনাল এলাকা থেকে লায়েছ মিয়া (২০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করার সময় প্লাস্টিকের বস্তা থেকে পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
নিহত লায়েছ মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শামীমাবাদ এলাকার মনিকা হলের পাশে ভাড়া বাসায় বসবাস করে ফল ও শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক দুই থেকে তিন দিন আগে লায়েছ মিয়াকে কুপিয়ে বা পিটিয়ে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে টার্মিনাল এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটন ও তদন্তের স্বার্থে সিআইডি ও পিবিআইয়ের অপরাধ তদন্ত দল নিহতের ভাড়া বাসা ও ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আলামতগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, তদন্ত শেষে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
