সিলেট-ইস্তাম্বুল রুটে ফ্লাইট শিগগিরই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দ্রুতই সিলেট-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গত শনিবার দুপুরে সিলেট নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে এই বিমানবন্দর থেকে বৈশ্বিক যোগাযোগ বাড়াতে নতুন আন্তর্জাতিক রুট চালুর চেষ্টা চলছে, যার অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নতুন এই রুট চালু হলে সিলেটের প্রবাসীদের আন্তর্জাতিক যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ইস্তাম্বুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপসহ বিশ্বের যেকোনো দেশে যাতায়াত করা সম্ভব হবে।
এদিকে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে হুমায়ুন কবির বলেন, পর্তুগাল, ফিনল্যান্ডসহ শেনজেনভুক্ত বিভিন্ন দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ভিসার জন্য ভারতে গিয়ে চরম ভোগান্তি, অর্থ ও সময় অপচয়ের মুখোমুখি হতে হয়। ভিসাপ্রত্যাশী ও শিক্ষার্থীদের এ ভোগান্তি নিরসনে দিল্লিতে থাকা বিভিন্ন দেশের ভিসা সেন্টারগুলো পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও জোরালো কাজ চালাচ্ছে বর্তমান সরকার। সিলেট থেকে নতুন আকাশপথ চালু এবং ভিসা প্রক্রিয়া দেশেই সম্পন্ন করার এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও প্রবাসী উভয়ের যাতায়াত বহুগুণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক ‘সালামএয়ার’ সিলেট-মাস্কাট রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করার পর এবার ইস্তাম্বুল রুট চালুর এ বিশেষ ঘোষণা এলো।
