Logo
Logo
×
   

সারাদেশ

মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন দেওয়া হলো নবজাতককে

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন দেওয়া হলো নবজাতককে

চট্টগ্রামে এক নবজাতককে তার মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন পুশ করা হয়েছে। অ্যান্টি-ডি ৩০০ মিলিগ্রাম নামক ওই ইনজেকশন পুশ করার পর নবজাতকটি ছটফট করতে শুরু করে এবং তার ত্বকের রঙ অনেকটা নীল হয়ে যায়।

শনিবার রাতে নগরীর বেসরকারি সিএসসিআর হসপিটালে এ ঘটনা ঘটে। পরে নবজাতটিকে এনআইসিইউতে নিয়ে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবজাতক জন্মের তিন ঘণ্টা পরই ওই ইনজেকশনটি দেওয়া হয়। ওই সময়ে নবজাতকের মা ইনজেকশনটি চিনতে পেরে নার্সকে বাধা দিলেও তা শোনেননি। বর্তমানে নবজাতকটি হসপিটালের এনআইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে।

নবজাতকের বাবা মো. হাসান বলেন, শনিবার বিকাল ৫টায় আমার স্ত্রীর নরমাল ডেলিভারিতে সুস্থ অবস্থায় ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়। রক্ত পরীক্ষায় বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ পাওয়া যায়; কিন্তু তার মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হওয়ায় পরবর্তী ঝুঁকি এড়াতে চিকিৎসক একটি অ্যান্টি-ডি ইনজেকশন দিতে বলেছিলেন। আমার আগের সন্তানের বেলায়ও আমার স্ত্রী এই ইনজেকশন নিয়েছে। এরপর রাত ৯টায় হসপিটালের কর্তব্যরত নার্স ওই ইনজেকশন নিয়ে এসে আমার সন্তানকে পুশ করে দেয়; কিন্তু ইনজেকশন দেওয়ার আগেই আমার স্ত্রী নার্সকে বলেছিলেন, এটা আমাকে দেওয়ার জন্য বলেছে, আমার সন্তানকে কেন দিচ্ছেন? তখন ওই নার্স আমার স্ত্রীকে ধমক দিয়ে বিরক্ত প্রকাশ করে।

তিনি আরও বলেন, ওই ইনজেকশন পুশ করার পরই আমার সন্তান ছটফট করতে শুরু করে এবং তার ত্বক নীল হয়ে যায়। বিষয়টি হসপিটালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর তাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। রোববার বিকালে প্রফেসরসহ পাঁচজন শিশু বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে আমার সন্তানের হার্টবিটে কিছুটা সমস্যা পেয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সিএসসিআর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী যুগান্তরকে বলেন, নবজাতকের শারীরিক অবস্থা ভালো রয়েছে। মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে ওই নার্সকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির প্রতিবেদন নার্সিং কাউন্সিলে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম