জামায়াতের মানববন্ধনে বক্তারা
বিএনপি ক্ষমতায় এসে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে জামায়াতের মানববন্ধনে নেতারা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে বিদ্যুৎ গ্যাসের ঘাটতি থাকবে না বলে ঘোষণা দিয়েছিল; কিন্তু ক্ষমতায় এসে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা অন্তরে এক কথা বলে, আর মুখে আরেক কথা।
সোমবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের নিম্ন ও মধ্যবিত্তের আয়ের সংসারে নেমে এসেছে চরম সংকট। জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে কৃষি, শিল্প ও উৎপাদন খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনুন।
পুলিশ প্রশাসনের উদ্দেশে জামায়াত নেতারা বলেন, বর্তমানে রাজশাহীতে ব্যাপক হারে ছিনতাই, চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে চলেছে; কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে পারেনি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, দেশে লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, বিদ্যুতের সমস্যাসহ সব ধরনের জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে দেশ চালাতে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেন। অন্যথায় দেশের জনগণ রাস্তায় নামলে, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদেরও এ দেশের জনগণ বিতাড়িত করতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন সরকারসহ নেতাকর্মীরা।
