খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান দীপু গ্রেফতার
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
মো. আরমান হোসেন দীপু ওরফে আরমান ওরফে আরমিন
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ত্রাস হিসেবে পরিচিত সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দীপু ওরফে আরমান ওরফে আরমিনকে (শুটার আরমান) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার দৌলতপুরের বিভিন্ন স্থান থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি শটগান এবং ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকালে র্যাব-৬ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান দীপু গত ১৭ জুন দৌলতপুরের এক মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে। খুলনা মহানগরীর দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও দিঘলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও অস্ত্রের মহড়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল তার নেতৃত্বাধীন ৮-১০ সদস্যের গ্রুপটি। বিশেষ করে ব্যবসায়ীদের কাছে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যা ও ব্যবসা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরমান দীপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের মামুন মোল্যা হত্যা, ২০২২ সালের মারজান মুন্না হত্যা, চলতি বছরের ঘাউড়া রাজিব হত্যা, যুবদল নেতা রাশু হত্যা এবং গত ২৮ আগস্টের মনিরুল ইসলাম রনি হত্যা মামলা উল্লেখযোগ্য।
