Logo
Logo
×
   

সারাদেশ

খুলনা সিটি করপোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

খুলনা সিটি করপোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট

নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বাজেট পেশ করেন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরে ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বাজেট পেশ করেন।

একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা এবং ব্যয় ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া সরকারি বরাদ্দ রাখা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার চেয়ারম্যান  ও সাবেক কেসিসি মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাজেটের মূল লক্ষ্য হিসেবে কোনো নতুন কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায়, আয়ের উৎস সম্প্রসারণ এবং নিজস্ব তহবিল বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিক স্বাস্থ্যসেবার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, এটি একটি উন্নয়নমুখী বাজেট। নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা এবং এডিপি খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের অর্থায়নে কেসিসিতে বর্তমানে ৯টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাজেটের সফল বাস্তবায়নে তিনি খুলনার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম