Logo
Logo
×
   

সারাদেশ

কবরস্থান থেকে ২৪ কেজি ব্যবহৃত বুলেটের ধাতব অংশ উদ্ধার

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

কবরস্থান থেকে ২৪ কেজি ব্যবহৃত বুলেটের ধাতব অংশ উদ্ধার

উদ্ধার হওয়া ধাতব অংশগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি কবরস্থান থেকে প্রায় ২৪ কেজি ব্যবহৃত বুলেটের সামনের ধাতব অংশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর লামচর গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনের কবরস্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করেন।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজ উদ্দিন জানান, ব্যাগে থাকা বস্তুগুলো ব্যবহৃত বুলেটের সামনের ধাতব অংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ থেকে বিভিন্নভাবে এসব ধাতব অংশ ওই স্থানে এসে থাকতে পারে।

তবে স্থানীয়দের দাবি, আশপাশে কোনো ফায়ারিং রেঞ্জ নেই। ফলে কবরস্থানে বিপুল পরিমাণ এসব ধাতব অংশ পাওয়ার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ধাতব অংশগুলো বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। এগুলোর উৎস, কবরস্থানে আসার কারণ এবং কীভাবে সেখানে পৌঁছেছে—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম