ওসমানীর চিকিৎসকরা এবার দুদকের নজরদারিতে, মিলল অনিয়ম
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানা এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগে সরেজমিন এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের নির্দেশে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে।
দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান এই সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো না আসা এবং নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ার অভিযোগ ছিল। হাসপাতালটির সদ্যবিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের একটি নোটিশেও এ সংক্রান্ত বায়োমেট্রিক তথ্যের অনিয়ম উঠে আসে।
এতে দেখা যায়, সকাল ৮টার বদলে ৯টার পর কর্মস্থলে উপস্থিত হন বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক। অন্যদিকে দুপুর ২টা ৩০ মিনিটের নির্ধারিত সময়সীমার আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাসপাতাল পরিদর্শনের পরপরই দুদকের এ অভিযানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, এনফোর্সমেন্ট টিম হাসপাতাল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এসব নথি বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে প্রশাসনিক শৃঙ্খলা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
