Logo
Logo
×
   

সারাদেশ

রক্তের নমুনা ছাড়াই ফিটনেস সনদ, ১ লাখ টাকা জরিমানা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

রক্তের নমুনা ছাড়াই ফিটনেস সনদ, ১ লাখ টাকা জরিমানা

টাকার বিনিময়ে কোনো পরীক্ষা বা রক্তের নমুনা ছাড়াই ভুয়া ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

জানা গেছে, অনলাইনে করা একটি অভিযোগের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। বিদেশগামী যাত্রীদের ফিটনেস পরীক্ষার সরকারি ফি ৮ হাজার ৫০০ টাকা। কিন্তু হিলভিউ মেডিকেল সেন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল। তারা জনপ্রতি ১২ হাজার ৫০০ টাকা করে নিচ্ছিল।

অভিযান চলাকালে বেশ কিছু গুরুতর অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি কোনো ধরনের অফিসিয়াল রেজিস্টার বই সংরক্ষণ করত না। অনেক ক্ষেত্রে রক্তের নমুনা না নিয়েই ফিটনেস সনদ দিয়ে দেওয়া হতো। জালিয়াতির বিষয়গুলো প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করে নেয়।

সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দিয়েছে। তাই আপাতত স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, পরবর্তীতে এই অপরাধের পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি সিলগালাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম