Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

গ্রেফতার এনসিপি নেত্রী সাদিয়া ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সাদিয়া ইসলাম (২৩) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। 

সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন সাদিয়া। মঙ্গলবার বিকালে পৌর শহরের কুড়পাড় এলাকায় আরও এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার রাতে পৌর শহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় সাদিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

প্রিয়া আক্তার বলেন, আমিসহ পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন সাদিয়া। মঙ্গলবার সকালে আমাকে ফ্যামিলি কার্ড করে দেবেন বলে সাদিয়া জানান। মঙ্গলবার বিকালে আরেক নারীর কাছ থেকে তিন হাজার টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করেছে। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমি এর বিচার পেতে মামলা করেছি।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু জানান, সাদিয়া আক্তার নামে জেলা এনসিপির এক নেত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে পুলিশ তাকে আটক করেছে বলে তিনি শুনেছেন। সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এমন কোনো বিষয়ে এখনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে সরাসরি আটক করে পুলিশে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি। এরকমভাবে কেউ যেন প্রতারণার শিকার না হন, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে পুলিশ হেফাজতে থাকা সাদিয়া ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। মনে হয় সাদিয়া চক্রান্তের শিকার। তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তবে তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, ওই নেত্রী কুড়পাড় এলাকার বাসিন্দা প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা করে নিয়েছেন।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন। আজ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম