পুলিশের ওপর হামলা, চট্টগ্রামে ছোট নাছিরসহ গ্রেফতার ২
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীর ওয়্যারলেস এলাকায় পুলিশের ওপর হামলা ও ওসির গাড়ি ভাঙচুরের ঘটনায় মো. নাছির ওরফে ছোট নাছিরসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
ছোট নাছির চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ২নং চরপার্বতী ইউনিয়নের মৃত আবুল হাশেমের ছেলে মো. নাছির ওরফে ছোট নাছির এবং খুলশী থানাধীন জালালাবাদ ডিসিপুল আবাসিক এলাকার মো. কালামের ছেলে মো. হাবিব। এর মধ্যে নাছিরকে মঙ্গলবার বিকালে জালালাবাদ কাঁঠালবাগান থেকে এবং হাবিবকে বুধবার ভোরে জালালাবাদ মুক্তিযোদ্ধা হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার ভোরে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতারে খুলশীর ওয়্যারলেস এলাকায় অভিযানে যায় পুলিশ। ওই সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র বগা বাহিনী রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল এবং ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। সন্ত্রাসীদের হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করা হয়। এছাড়া ইটপাটকেলের আঘাতে ওসিসহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হলো।
এর আগে সোমবার ভোরে একই মামলার অভিযুক্ত হিসেবে ওয়্যারলেস ৩নং লেন থেকে মো. সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
