বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গ্রিন এনার্জির প্রসার ও দেশের বিদ্যুৎ সংকট নিরসনে আবাসিক সোলার প্রকল্পে মাত্র ১ শতাংশ সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার দুপুরে খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত ১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী জানান, পতিত ও অনাবাদী জমি কাজে লাগিয়ে এসব প্লান্ট স্থাপন করা হবে।
তিনি বলেন, সাধারণ জনগণ সোলার প্লান্ট স্থাপন করলে ১ শতাংশ সুদে ঋণের পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। বাসাবাড়িতে সোলার ব্যবহারে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে উল্লেখ করে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, কেবল শিল্পে সোলার প্লান্ট নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রতিদিন এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এটি। পাশাপাশি জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ যাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
উদ্বোধন শেষে মন্ত্রী কারখানায় গাছের চারা রোপণ করেন এবং বাকেশি ক্যান্টিন মিলনায়তনে আলোচনা সভা ও গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে অংশ নেন।
